Sunday, 25 January 2015

থাকা – না থাকা

 

গভীর নির্লিপ্তি নিয়েই চলছিলাম

 

এমন সময় ধূসর সতর্কতার

 

অশ্বারোহণে সন্দেহ এসে

 

তার রেকাব বাজিয়ে চেঁচিয়ে উঠলঃ

 

বিশ্বাস আছো কি - তোমার মুঠোর

 

সবকটা কড়ি এখনও মজুত?

 

তারপর একবারও ঘাড় না ফিরিয়েই

 

সে চলে গেল।

 

হঠাৎ বুকের কাছে মুখ নামিয়ে দেখি

 

আমার প্রশান্তিও তার সঙ্গে গেছে

 

রেখে গেছে তার

 

অপরিণত শৈশবী দ্বিধাকে। 

 

২৯-০৫-১৯৭২

 

Friday, 20 December 2013

স্মৃতি


ফুলের রেণুর মত ভালবাসা

 

প্রকাণ্ড জীবনের গাছ হয়ে

 

ডেকেছিল সেদিন আমাকে।

 

 

ঘড়ির দুহাতে হাত রেখে

 

কতদিন হয়ে গেল

 

আমি আর সময় চাইনা।

 

দুহাত ডুবিয়ে জলে আমি

 

নীল লাল মাছেদের কাছেও যাইনা।

 

 

 

এখন প্রখর দিন, নির্জনতা ছেঁকে-নেওয়া

 

আতপ্ত সকাল; ভুলিয়ে দিয়েছে,

 

ডেকে নিয়ে গেছে সুন্দর ছায়া আর

 

স্তব্ধ প্রদোষের গান থেকে,

 

ফুলেদের ভালভাসা থেকে,

 

লাল নীল মাছেদের ঝিনুকের বাড়ি থেকে-

 

দূরে ব্যাস্ত ভিড় ঘরে।

 

আজ আমি তাই

 

নিজের চাওয়ার মত করে একটুও

 

সময় পাইনা!-

 

 

এরি মাঝে একদিন

 

ফুলের রেণুর মত ভালবাসা

 

প্রকাণ্ড জীবনের গাছ হয়ে,

 

ঢেকে যাওয়া পুকুরের শেওলার গন্ধের মত

 

তার স্মৃতি হয়ে

 

ডেকেছিল সেদিন আমাকে।

 

 

১২-০৭-৭১